
নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক মুক্তিযোদ্ধার খড়ের পালায় আগুন দিয়ে ২ লক্ষ টাকার খড় ও কাঠ পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার হাতুড় ইউনিয়নের সাগরইল গ্রামের মুক্তিযোদ্ধা আক্কাস আলী শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার দুপুর সোয়া ১ টার দিকে একই গ্রামের মৃত আমির চাঁন মন্ডলের ছেলে তোফাজ্জল হোসেন, জসীম উদ্দীনের ছেলে আবুল কালাম আজাদ, আশরাফ আলীর ছেলে দেলোয়ার হোসেন, মৃত আইজুলের ছেলে আব্বাস আলী, মৃত নসখর আলীর ছেলে ইউনুস আলী বুলু, মৃত তমিজ উদ্দীনের ছেলে মোজারুল, মো. বাবুর ছেলে আঃ সালাম, মৃত আকবরের ছেলে কামরুল ইসলাম, মৃত নুর মোহাম্মদের ছেলে মো. গোলাম, মৃত মোবারকের ছেলে শহিদুল ইসলামসহ আরো ৭ থেকে ৮ জন জুম্মার নামাজ শুরুর পূর্ব মুহুর্তে আক্কাস আলীর বাড়ির খলিয়ানে রাখা তিনটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। এতে তার ২০ বিঘা জমির খড়, বিভিন্ন প্রজাতির কাঠ ও জীবন্ত গাছ পুড়ে ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়।