
চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জলপথ রোডের ২৪ নম্বর বাড়িতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ফেসবুকে আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দিয়ে গ্রামের সহজ-সরল মানুষদের টার্গেট করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, প্রতিষ্ঠানটি ‘সিকিউরিটি গার্ড’, ‘সুপারভাইজার’, ‘কল সেন্টার’, ‘রিসিপশন’ ও বিভিন্ন শপিংমলে চাকরির প্রলোভন দেখিয়ে ৮ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করত। অফিসে একাধিক নারী রিসিপশনিস্ট বসিয়ে আলিশান পরিবেশ তৈরি করে চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জন করা হতো।
অভিযোগ অনুযায়ী, রেজিস্ট্রেশন ফি, ইউনিফর্ম ফি, ট্রেনিং ফি ও চাকরির জামানতের কথা বলে টাকা নেওয়ার পর নিয়োগপত্র দেওয়া হয়নি। পরে অফিসে গিয়ে দেখা যায় তালাবদ্ধ। এরই মধ্যে অফিস অন্যত্র সরিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন,
“আমি বেকার ছিলাম। ১২ হাজার টাকা দিলাম। বলেছিল ৭ দিনের মধ্যে জয়েনিং হবে। এখন ১৫ দিন ঘুরেও চাকরি পাইনি, ফোনও বন্ধ।”
গাজীপুরের আরেক ভুক্তভোগী বলেন,
“জমি বিক্রি করে টাকা এনেছিলাম। এখন বাড়ি ফিরতেও পারছি না। টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও প্রতারণার অভিযোগে একাধিকবার জেল হাজতে যাওয়ার তথ্য রয়েছে। তবে জামিনে বের হয়ে আবারও একই কৌশলে প্রতারণা চালিয়ে যাচ্ছে চক্রটি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ঢাকার ক্রাইম) কে বলেন,
“এ ধরনের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে।”