
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেলিনা বেগম (৪০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। ১৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর বাগুর রোডে এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা লেগুনাচালক ইব্রাহিম ও অটোরিকশাচালক মারুফ শেখ জানান, সন্ধ্যায় কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাগুর রোডে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই নারী। আশেপাশে অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে ছিল। কিন্তু কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে, তা কেউ বলতে পারছিলেন না। তবে তার পাশে সিএনজিচালিত অটোরিকশার একটি ভাঙ্গা গেট ও ভাঙ্গা গ্লাস পড়ে ছিল। তখন তার সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে তার স্বজনদের খবর দেয়া হয়। তারা আসলে তাদের সহযোগিতায় ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।