
বিশেষ প্রতিবেদন : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আওয়ামী শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ মদদে দেশব্যাপী শুরু হয়েছে সরকারদলীয় সন্ত্রাসীদের ব্যাপক সহিংসতা ও নির্মম তাণ্ডব। রোববার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, শনিবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের যশোরের বাসভবনে আওয়ামী দুষ্কৃতকারীরা মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ভয়ঙ্কর ত্রাস সৃষ্টি করে। ঘটনার সময় মরহুম তরিকুল ইসলাম সাহেবের স্ত্রী বাসভবনের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কণ্টকমুক্ত করতে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ভয় পাইয়ে দেওয়ার জন্যই গত রাতে মরহুম তরিকুল ইসলামের বাসভবনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
তরিকুল ইসলামের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান তিনি।