
ডিবি পরিচয়ে র্যাব সদস্যের বাড়িতে ডাকাতি করা আন্তঃ জেলা ডাকাত দলের নেতাকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট
৬ নভেম্বর সোমবার রাতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর উনিয়নের পশ্চিম বাঘবাড়ি গ্রামের সেনা সদস্য (বর্তমান র্যাব এ কর্মরত) সুনীল সিংহের বাড়ীতে মুখোশধারী চার ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় তার বৃদ্ধ পিতা চন্দ্র সিংহ(৭৫), মা কৃষ্ণকুমারী সিনহা (৫৫), চাচী রাজকুমারী সিনহা (৫০) কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা বেধে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল সেটসহ নগদ অর্থ লুঠ করে নিয়ে যায়। র্যাব-৯ সিলেট চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গত ১১ নভেম্বর রাতে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার আলোচিত ও চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা কালন মিয়া(৪৩), পিতা-মৃত গণি মিয়া, সাং-শ্রীপুর, থানা-কমলগঞ্জ, গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত ডাকাতের নামে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চুরি ও ডাকাতির একাধিক মামলা চলমান রয়েছে