
টাঙ্গাইলে র্যাবের অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
মোঃ ফারুক আহমেদ (টাঙ্গাইল):
টাঙ্গাইল সদর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিকাল আনুমানিক ৪টা ৫ মিনিটে টাঙ্গাইল সদর থানার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী “ন্যাশনাল ট্রাভেলস” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে মো. নাজিম উদ্দিন ওরফে স্বপন (৩৫) নামে এক যাত্রীকে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী বহনকৃত ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।