
গাজীপুরে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুর প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া
মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর প্রতিনিধি:
তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রনায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে শিল্পনগরী গাজীপুর। বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজ এবং গণমাধ্যমকর্মীরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, দেশ হারালো গণতন্ত্রের এক নির্ভীক কণ্ঠস্বর এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের এক উজ্জ্বল অধ্যায়।
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গাজীপুরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সর্বস্তরের জনগণ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শোকের পরিবেশ বিরাজ করছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান।
অনুষ্ঠানে বক্তারা তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের রূপকার এবং দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন। একই সঙ্গে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে তাঁর আত্মত্যাগ, সাহসিকতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিচল অবস্থানের কথা স্মরণ করা হয়।
আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে প্রেসক্লাব মিলনায়তনে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, দৈনিক দিনকালের সিনিয়র স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাসুম, দেশ রূপান্তরের আমিনুল ইসলাম, যুগান্তরের শাহ সামসুল হক রিপন, মাছরাঙা টিভির ফারদিন ফেরদৌস এবং আজকের পত্রিকার আসাদুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন আরটিভির আজহারুল হক, দৈনিক যায়যায় দিনের বায়েজীদ হোসেন, দৈনিক নয়াদিগন্তের আজিজুল হক,দৈনেক আজকালের মাজহারুল ইসলাম কাঞ্চন, দৈনিক শুভদিন মোঃ নূরুল ইসলাম সবুজ, দৈনিক স্বাধীনমত কাজী আঃ মান্নান গাজীপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল গণতন্ত্র, অধিকার ও মানুষের ভোটের মর্যাদা প্রতিষ্ঠার এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস, যা দেশের রাজনৈতিক অঙ্গনে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।