
পূবাইলে লরি-ইজিবাইক সংঘর্ষ, নিহত ২
ফরিদ মৃধা
গাজীপুরের পূবাইলে লরি-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। রোববার (২৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মাজুখান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯নং ওয়ার্ড হায়দরবাদ এলাকার ইজিবাইক চালক হানিফ মিয়া (৩৫) ও ইজিবাইকের যাত্রী গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান এলাকার সাহেদ সাব্বির (২৫)।
স্থানীয়রা জানান, আজ সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী লরির সঙ্গে পূবাইল মুখী ব্যাটারচালিত চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হয় এবং আরও কয়েকজন আহত হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধারে থানা থেকে এস আই রফিকুল ইসলাম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইজিবাইকটি সড়কের পাশে দুমড়ে মুচড়ে পড়ে আছে। দুর্ঘটনার পর লরি চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।