
নোয়াখালীতে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড
মোঃ জহিরুল ইসলাম হামিদ
বিশেষ প্রতিবেদক
নোয়াখালী: নোয়াখালীতে গ্রাহকের অর্থ আত্মসাতের দায়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি বেলায়েত হোসেন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
আদালত সূত্রে জানা যায়, বেলায়েত হোসেন ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে বিভিন্ন কৌশলে মোট ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ ২০১৬ সালের ৪ মে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দুদকের কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস জানান, আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় ৫ বছর, ৪৬৮ ধারায় ৫ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সব মিলিয়ে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।