
নিজস্ব প্রতিবেদক ঃ গাজীপুর মহানগরের গাছা থানাধীন কুনিয়া সোনাপাড়া রোডের মাথায় অবস্থিত একটি রেস্তোরাঁ থেকে নিয়মিত চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য শাকিল হোসেন জয় ওরফে তোতলা শাকিলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোছাঃ সালমা আক্তারের স্বামী শহিদুজ্জামান সুমন দীর্ঘ আট বছর ধরে কুনিয়া এলাকার সোনামিয়া রোডের মাথায় একটি দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। দোকানটির জন্য পাঁচ লক্ষ টাকা জামানত প্রদান করা হয় এবং নিয়মিত মাসিক দুই হাজার টাকা ভাড়া পরিশোধ করা হচ্ছিল।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত শাকিল ওরফে তোতলা শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে অবৈধ চাঁদাবাজিতে জড়িত। ডিস ব্যবসা, ফুটপাত দখল, ময়লার ভাগ-বাটোয়ারা ও সাধারণ মানুষের বাড়িঘরে হামলার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে। গত পাঁচ মাসে অভিযুক্ত ৮ থেকে ১০ জন সহযোগী নিয়ে একাধিকবার দোকানে প্রবেশ করে ভাড়াটিয়াকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক মোট ২৫ হাজার টাকা আদায় করে নেয়।
সর্বশেষ গত ১৭ ডিসেম্বর ২০২৫ দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্ত ও তার সহযোগীরা দোকানে গিয়ে ভাড়াটিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি জানতে পেরে শহিদুজ্জামান সুমন ঘটনাস্থলে গেলে অভিযুক্ত তিন লাখ টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধরের হুমকি ও প্রাণনাশের ভয় দেখানো হয়।
ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত দাবি করা হয়েছে।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।