
দুর্নীতির অভিযোগে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন
স্টপ রিপোর্টার
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর এক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভিযুক্ত কর্মকর্তা মোঃ মুস্তাফিজ রহমান, যিনি বরিশাল বিভাগের ভোলা জেলার মনপুরা উপজেলায় উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। অভিযোগ রয়েছে, তিনি একটি সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মনপুরা উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের নারিকেলতলা খালের ওপর নির্মাণাধীন ৬৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ প্রকল্পে ব্যাপক অনিয়মের ঘটনা ঘটেছে। প্রকল্পের আওতায় নির্ধারিত কাজের তুলনায় অতিরিক্ত বিল উত্তোলন এবং রিইনফোর্সিং বার (রড) ব্যবহারে অসঙ্গতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিশেষ করে, ব্রিজের ব্রীস্ট ওয়াল নির্মাণ ও রড ব্যবহারের ক্ষেত্রে প্রকৃত কাজের সঙ্গে বিলের উল্লেখযোগ্য অসামঞ্জস্য পরিলক্ষিত হয়েছে। এর ফলে কয়েক লাখ টাকার অতিরিক্ত বিল উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত কর্মকর্তা ব্যক্তিগত আর্থিক লাভের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করেছেন। বিষয়টি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।
এদিকে, এলজিইডি কর্তৃপক্ষ ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে। কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না—এ মর্মে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।