
তারেক রহমানের গাজীপুর আগমন ঘিরে টঙ্গীতে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ পাপেল মিয়া: আগামী ২৭ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাজীপুর আগমনকে কেন্দ্র করে টঙ্গীতে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় টঙ্গীস্থ সালাউদ্দিন সরকারের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বাবুল।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের আগমন গাজীপুরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। এই সফরকে সফল করতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ কর্মসূচির মাধ্যমে দলীয় শক্তি ও সাংগঠনিক সক্ষমতা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার এবং বিএনপি থেকে মনোনীত এমপি প্রার্থী এম. মঞ্জুরুল করিমসহ মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় আগত নেতৃবৃন্দ তারেক রহমানের সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি, জনসমাগম নিশ্চিতকরণ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন এবং সফল কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।