
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী চেরাগ আলীতে জোনাকি ও ঢাকা এক্সপ্রেস পরিবহনের অবৈধ পার্কিংয়ে চরম যানজট
মাহবুব আলম জোয়েল ঃ গাজীপুর থেকে ঢাকাগামী অন্যতম ব্যস্ত সড়ক টঙ্গী চেরাগ আলী এলাকায় দীর্ঘদিন ধরে চরম যানজট লেগে আছে, যার অন্যতম প্রধান কারণ “জোনাকি” ও “ঢাকা এক্সপ্রেস” পরিবহনের অবৈধভাবে রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে রাখা। এই দুই পরিবহন সংস্থার কাউন্টার চেরাগ আলী এলাকায় হওয়ায় তাদের বাসগুলো ঘণ্টার পর ঘণ্টা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, যার ফলে সড়কে স্বাভাবিক যান চলাচল চরমভাবে ব্যাহত হয়।
এই এলাকায় প্রতিদিন সকাল-বিকেল সর্বোচ্চ যানজট দেখা যায়, যখন অফিসগামী ও শিক্ষার্থীদের যাতায়াতের চাপ থাকে। অল্প পথ পেরোতেই সময় লাগছে এক ঘণ্টা বা তারও বেশি। সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়রা একাধিকবার এই অনিয়ম সম্পর্কে সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। বরং অনেকে দম্ভভরে বলেন, “আমরা প্রশাসন ম্যানেজ করে চলি”। এই ধরনের মন্তব্য শুধু নাগরিকদের প্রতি চরম অবহেলা নয়, বরং প্রশাসনিক শৃঙ্খলারও চরম অপমান।
এমতাবস্থায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। আমাদের দাবি:
১. জোনাকি ও ঢাকা এক্সপ্রেস পরিবহনের বাসগুলোকে সড়কের পাশে নয়, নির্ধারিত টার্মিনালে রাখার বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে।
২. চেরাগ আলী এলাকায় নিয়মিত ট্রাফিক পুলিশ মোতায়েন করে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে।
৩. যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও প্রয়োজনে কাউন্টার সাময়িকভাবে বন্ধ করতে হবে।
৪. পরিবহন মালিকদের বিরুদ্ধে প্রশাসনের ‘ম্যানেজমেন্ট’-এর নামে যে ধরনের দম্ভোক্তি উঠে আসছে, তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
জনগণের চলাচলের স্বাভাবিকতা রক্ষা ও ন্যূনতম নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে প্রশাসনকে এখনই কঠোর ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।