
ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি গাজীপুর মহানগর বিএনপির।
নিজস্ব প্রতিবেদক ঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পুনরায় শহীদ জিয়াউর রহমানের নামে ফিরিয়ে দেওয়ার দুটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে গাজীপুর মহানগর বিএনপি।
রবিবার (১ জুন) দুপুরে টঙ্গী পূর্ব থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। তিনি তার বক্তব্যে এই দুটি দাবির ওপর জোর দেন।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী সালাহ্উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এম মঞ্জুরুল করিম রনি টঙ্গী থেকে উত্থাপিত এই দুটি দাবিকে বিএনপির বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সম্মান জানানো অত্যন্ত জরুরি।