
টাঙ্গাইলের সখিপুরে বসতবাড়ির পাশে অবৈধ ড্রেজিং, প্রাণনাশের হুমকির অভিযোগ
শারমিন আক্তার ঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাঙ্গালীছেও এলাকায় বসতবাড়ির নিকটে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আবুল হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে বলা হয়, কাঙ্গালীছেও গ্রামের বাসিন্দা মো. কোমর উদ্দিন তার সহযোগীদের নিয়ে সম্পূর্ণ অবৈধভাবে আবুল হোসেনের বসতবাড়ির সন্নিকটে ড্রেজার মেশিন স্থাপন করে মাটি কেটে বিক্রি করছেন। এতে আশপাশের জমি ও বসতভিটা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
মো. আবুল হোসেন জানান, তিনি এ কার্যক্রমের প্রতিবাদ করলে অভিযুক্ত ও তার সহযোগীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তার ছেলেকে মেরে ফেলার হুমকি দেন।অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের ফলে তার জমি সহ বসতভিটার অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধভাবে ড্রেজিংয়ের কারণে ওই এলাকায় ভূমিধস, বসতবাড়ির ক্ষয় এবং পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. কোমর উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী জরুরি ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।