
টঙ্গী সরকারি হাসপাতাল ৭ মাসের নবজাতকের মরদেহ উদ্ধার
মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর প্রতিনিধি:
টঙ্গী সরকারি হাসপাতালের ভেতরে একটি ডাস্টবিনের পাশ থেকে সাত মাস বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যার পর হাসপাতাল চত্বরে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হাসপাতালের ভেতরে কয়েকজন শিশু খেলছিল। এ সময় তারা দেখতে পায় একটি কুকুর ডাস্টবিনের পাশে কিছু টেনে খাচ্ছে। পরে কাছে গিয়ে তারা নবজাতকের মরদেহটি দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নবজাতকের বয়স আনুমানিক সাত মাস বলে ধারণা করা হচ্ছে।
টঙ্গী সরকারি হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. নাফিস বলেন, “ফরেনসিক বিভাগের রিপোর্ট ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে হাসপাতালের ভেতরে এ ধরনের ঘটনা দুঃখজনক।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান,ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি জানাজানি হলে হাসপাতাল চত্বরে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।