
টঙ্গীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার।
মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে বিভিন্ন মাদক স্পট ও অপরাধপ্রবণ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামি, তিনজন ছিনতাইকারী এবং সন্দেহভাজন ১৩ জন মাদকসেবীসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন জানান, অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের মধ্যে টঙ্গী পশ্চিম থানার গুটিয়া এলাকার মিলন গাজী একজন ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—এনায়েত হোসেন ওরফে রাজু (২৮), মো. বাবু (২৬) এবং সিফাত (২৫)। বাকি ১৩ জনকে বিভিন্ন স্থান থেকে মাদকসেবনের অভিযোগে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এসব ব্যক্তিরা টঙ্গী ও আশপাশের এলাকায় অবস্থান করে অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, স্থানীয় জনগণের সহযোগিতা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।