
টঙ্গীতে প্রভাষক বশির উদ্দিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃ পাপেল মিয়া
গাজীপুর ৬ সংসদীয় আসনে জাতীয়তাবাদী বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিনের উদ্যোগে সর্বস্তরের জনগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ শে অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় টঙ্গীর বড় দেওড়া এলাকার হাজী পেয়ার আলী স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর ৬ আসনের টঙ্গী ৫৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে আয়োজিত এই মতবিনিময় সভাটি নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতির কারণে মুহূর্তেই জনসভায় পরিণত হয়। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এবং নানা স্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হন। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর সমর্থকরা মাঠের পার্শ্ববর্তী রাস্তাসহ পুরো এলাকা জুড়ে অবস্থান নেন, যা প্রভাষক বশির উদ্দিনের প্রতি স্থানীয় জনগণের বিপুল সমর্থনকে প্রতিফলিত করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক বশির উদ্দিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর আস্থা ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি তার মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়ে বলেন, “আমি গাজীপুর ৬ আসনে মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি আশা করি আপনারা সবাই আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি এই এলাকারই সন্তান, সেই হিসাবে আমি আপনাদের ভোট প্রাপ্ত।”
তবে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি আরও বলেন, “দল সাংগঠনিকভাবে যাচাই-বাছাই করে যাকে মনোনয়ন দেবে, সেই প্রার্থীর পক্ষেই আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে এবং ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।”
সভায় উপস্থিত বক্তারা বিগত স্বৈরাচার সরকারের নানা সমালোচনা করে এবং বিএনপি নেতাকর্মীদের উপর ঘটে যাওয়া অত্যাচার, অবিচার, জেল-জুলুমের কথা তুলে ধরেন।
এমপি পদপ্রার্থী প্রভাষক বশির উদ্দিনের এই জনসভা প্রমাণ করে, গাজীপুর-৬ সংসদীয় আসনে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এবং ধানের শীষের বিজয়ের জন্য তারা প্রস্তুত। অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।