
টঙ্গীতে এরশাদ নগর ১ নম্বর ব্লক বেরিবাঁধে প্রকাশ্যে মাদক ব্যবসা, রাতের আধারে ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে।
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর ১ নম্বর ব্লক বেরিবাঁধ এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা চলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকার পরিবর্তন হলেও এলাকায় চিহ্নিত মাদক কারবারিদের কার্যক্রমে কোনো পরিবর্তন আসেনি। বরং বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে তারা প্রকাশ্যে মাদকের স্পট বসিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এরশাদ নগর ১ নম্বর ব্লক বেরিবাঁধ এলাকায় কয়েকজন চিহ্নিত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের মধ্যে উল্লেখযোগ্য শুক্কুর আলী (কামলা শুক্কুর), পিতা- এতিম সেলিম; জলিল, পিতা- ঝাড়ু মিয়া এবং রাজা, পিতা- জলিল। এলাকাবাসীর অভিযোগ, এসব ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজা, হেরোইন ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক প্রকাশ্যে বিক্রি করে আসছে।
অভিযোগ রয়েছে, মাদক ব্যবসাকে আরও সহজ ও নিরাপদ করতে তারা রাস্তার নিচ দিয়ে চওড়া পাইপ বসিয়ে একটি গোপন ট্রানজিট ব্যবস্থা গড়ে তুলেছে। এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সহজেই মাদক সরবরাহ করা হয় বলে স্থানীয়রা জানান।
এছাড়াও এলাকাবাসী অভিযোগ করেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে রাতের আধারে রাস্তার উপর ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে করে এলাকার স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে রাতের বেলায় পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, দিন-রাত প্রকাশ্যেই মাদক বিক্রি করা হচ্ছে। অনেক সময় এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। মাদক ব্যবসার কারণে এলাকার সামাজিক পরিবেশও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এলাকাবাসীর দাবি, এসব মাদক কারবারিরা মাদক ব্যবসা করে অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পদের মালিক হয়ে উঠেছে। তাদের জীবনযাত্রার ধরনেও ব্যাপক পরিবর্তন এসেছে বলে স্থানীয়দের ভাষ্য।
স্থানীয়দের মতে, মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালিত হলেও অধিকাংশ সময়ই এসব চিহ্নিত মাদক কারবারিরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায়। ফলে এলাকাবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
এলাকাবাসী আরও জানান, মাদক ব্যবসার কারণে এলাকার নিরাপত্তা পরিস্থিতি খারাপ হয়ে পড়েছে। অনেক পরিবার তাদের আত্মীয়-স্বজনকে এ এলাকায় আসতে নিরুৎসাহিত করেন। এমনকি অনেকেই রাতে একা চলাচল করতে ভয় পান।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং এরশাদ নগর ১ নম্বর ব্লক বেরিবাঁধ এলাকায় মাদকমুক্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা। পর্ব ১