
গাজীপুরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জিএমপি’র বিশেষ সমন্বয় সভা।
মোঃ পাপেল মিয়া।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার।সভায় পুলিশ কমিশনার উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের কাছ থেকে নির্বাচনের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ গ্রহণ করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া আমাদের সকলের নৈতিক ও পেশাগত দায়িত্ব। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে পারে এমন যেকোনো তৎপরতা রুখে দিতে সকল বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
তিনি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।
গুরুত্বপূর্ণ এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন:
মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), জিএমপি।গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, ডিজিএফআই, এনএসআই ও আনসার বাহিনীর প্রতিনিধিবৃন্দ।সিভিল সার্জন ও জেলা নির্বাচন কর্মকর্তা।ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এবং জিএমপির সকল উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।
সভায় উপস্থিত সকল সংস্থার প্রতিনিধিরা নির্বাচনের দিন এবং এর আগে-পরে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।