
আব্দুল্লাহপুর–আটি পাড়া সড়কে অটোরিকশার দৌরাত্ম্য, নিত্যদিনের যানজটে ভোগান্তিতে জনজীবন।
মোঃ জহিরুল ইসলাম হামিদ:
বিশেষ প্রতিবেদক:
রাজধানীর আব্দুল্লাহপুর থেকে আটি পাড়া সড়কে অটোরিকশার অবাধ চলাচলের কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও জনভোগান্তি। নিয়ম-নীতির তোয়াক্কা না করে উল্টোপথে চলাচলসহ বেপরোয়া ড্রাইভিংয়ের ফলে পরিস্থিতি দিন দিন আরও অবনতি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, অটোরিকশাগুলো নির্ধারিত লেন বা ট্রাফিক আইন না মেনে যত্রতত্র থামছে এবং উল্টাপাল্টা চলাচল করছে। এতে করে সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক সময় এই বিশৃঙ্খলার কারণে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন এই সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে। ফলে অফিসগামী মানুষ সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না, শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়ছেন।
একজন স্থানীয় বাসিন্দা জানান, “অটোরিকশার কারণে রাস্তা প্রায়ই অচল হয়ে যায়। আমরা ঠিক সময়ে কোথাও পৌঁছাতে পারি না, প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে।”
এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।