
টঙ্গীতে প্রতিপক্ষের হামলা: অন্তত ২০ জন আহত
মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার জহির মার্কেট সংলগ্ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাবেক এক কাউন্সিলরসহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে হামলার সময় ঘটনাস্থল থেকে নগদ প্রায় ৫ লক্ষ টাকা লুটের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান জমি বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। শনিবার সকালে হঠাৎ করেই একদল লোক দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে জহির মার্কেট এলাকায় হামলা চালায়। হামলাকারীরা বাজার ও আশপাশের স্থাপনায় ব্যাপক ভাঙচুর করে। ঘটনার সময় বাধা দিতে গেলে সাবেক কাউন্সিলর শিবুসহ এলাকাবাসীর ওপর নির্বিচারে হামলা চালানো হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা কেবল মারধরেই সীমাবদ্ধ থাকেনি; তারা বাজার কমিটির কার্যালয়সহ কয়েকটি দোকানে ভাঙচুর চালিয়ে ক্যাশে থাকা আনুমানিক ৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের বক্তব্য টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত লাঠিসোটা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।