
লক্ষ্মীপুরে পৌর শিশু পার্কে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা।
মনির হোসেন চৌধুরী, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শহরের পৌর শিশু পার্ক এলাকায় অবস্থিত পৌর শিশু পার্ক দোকানে তদারকি করা হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ বার্গার বান সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোমল পানীয় বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে জেলা আনসার ব্যাটালিয়ন, লক্ষ্মীপুরের একটি চৌকস দল সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।