
যানজট নিরসনে নতুন আশার সঞ্চার, ময়মনসিংহ ট্রাফিকের হাল ধরলেন গোলাম মওলা
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ :
ময়মনসিংহ জেলা ট্রাফিক বিভাগে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ট্রাফিক ইনস্পেক্টর (টি আই) এডমিন হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ গোলাম মওলা। তাঁর যোগদানের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে শহরবাসীকে ভোগানো যানজট সমস্যা নিরসনে নতুন আশার সঞ্চার হয়েছে। জেলা শহর ময়মনসিংহে প্রতিদিনই বাড়ছে যানবাহনের চাপ। অপরিকল্পিত পার্কিং,ফুটপাত দখল,অবৈধ অটোরিকশা, সড়কে শৃঙ্খলার অভাব ও দুর্বল ব্যবস্থাপনার কারণে বিভিন্ন সময় নগরজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। এমন বাস্তবতায় নতুন ট্রাফিক নেতৃত্ব হিসেবে মোঃ গোলাম মওলার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল। ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে,দায়িত্ব গ্রহণের পরপরই তিনি নগরীর গুরুত্বপূর্ণ মোড়,ব্যস্ত সড়ক ও যানজটপ্রবণ এলাকাগুলো পরিদর্শনের উদ্যোগ নিয়েছেন। আধুনিক ও শৃঙ্খলাভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। নগরবাসীর অভিমত,অতীতে যানজট নিরসনে নানা পরিকল্পনা ও আশ্বাস শোনা গেলেও বাস্তবে খুব বেশি পরিবর্তন আসেনি। ফলে নতুন ট্রাফিক ইনচার্জের ক্ষেত্রেও প্রত্যাশা রয়েছে, তবে সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটবে তাঁর কার্যক্রমের মাধ্যমেই—এমনটাই মনে করছেন তারা।
ময়মনসিংহবাসী এখন তাকিয়ে আছেন নতুন ট্রাফিক ইনচার্জের দিকে। শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার কার্যকর সমাধানে তিনি কতটা সফল হবেন—সেই প্রশ্নের উত্তর দেবে সময় ও তাঁর কর্মদক্ষতা। কারণ,শেষ পর্যন্ত কথা নয়, কর্মই হবে তাঁর আসল পরিচয়।