
টাঙ্গাইলে শিশুকে ভুল ভ্যাকসিন দেওয়ার অভিযোগ।
প্রতিনিধি আহমিনা ঋতু
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার বদলে ভুলবশত জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন (র্যাবিক্স) প্রয়োগের অভিযোগ উঠেছে।
গত কাল বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটির নাম ফাতিহা। ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরিবারের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পরিবারের অভিযোগ, হামে আক্রান্ত শিশুটিকে সাধারণ টিকা দিতে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর অসতর্কতায় ভুল ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
শিশুটির মা মৌ আক্তার বলেন, “আমার শিশুকে নিয়মিত টিকা দেওয়ার কথা ছিল, কিন্তু অন্য ভ্যাকসিন দেওয়া হয়েছে। এরপর শিশুটি নিস্তেজ হয়ে পড়ে।”
অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ভুলের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ভুল। তবে বিশেষজ্ঞদের মতে শিশুটির বড় ধরনের ঝুঁকি নেই, তবুও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফএম মাহবুবুল আলম জানান, ঘটনার পরপরই শিশু বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়রা দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।