
টঙ্গীতে ময়লা ফেলা নিয়ে হামলা এলাকাবাসীর মানববন্ধন।
মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর:
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন সাইশ এলাকায় রাস্তার উপর ময়লার স্তূপ ফেলার প্রতিবাদে এলাকাবাসীর ডাকা মানববন্ধন ও সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পরে মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় এক যুবক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কের উপর ময়লার স্তূপ ফেলে রাখায় ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। অভিযোগ রয়েছে, সিটি কর্পোরেশনের কিছু কর্মী নিয়মিতভাবে ওই স্থানে ময়লা ফেলায় পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। এর প্রতিবাদে সোমবার সকালে এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা ২৭ এলাকায় রোড অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে অবরোধ প্রত্যাহারের পর অংশগ্রহণকারীরা বাড়ি ফেরার পথে হঠাৎ একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে এক যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে