সাতক্ষীরায় চারটি সংসদীয় আসনেই দাঁড়িপাল্লার জয়
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার নির্বাচনী লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা। বৃহস্পতিবার মধ্য রাতে রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতার প্রাপ্ত সবকটি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন জামায়াতের অধ্যক্ষ মো.ইজ্জত উল্লাহ। ১৬৮টি কেন্দ্রের সব কটির ফলাফলে (পোস্টাল ভোট সহ) তিনি পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট। তাঁর নিকট তম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট। ইজ্জত উল্লাহ ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ২৮ হাজার ৪০৪টি এবং ‘না’ ভোট ১ লাখ ২১ হাজার ২৫৬টি। মোট ৭৫.৬৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) সাতক্ষীরা সদর ও দেবহাটা আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। ১৮০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। অন্য দিকে বিএনপির প্রার্থী মো.আব্দুর রউফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৮৩ ভোট। মুহাদ্দিস আব্দুল খালেক ১ লাখ ৫০ হাজার ৬৬৬ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।
এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৯২ হাজার ৮২৮টি এবং ‘না’ ভোট ৮৬ হাজার ৬১৯টি। মোট ৭৩.৭৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) এই আসনে ধানের শীষকে পেছনে ফেলে মূল লড়াইয়ে উঠে এসেছিলেন স্বতন্ত্র প্রার্থী ডা.শহিদুল আলম। তবে শেষ পর্যন্ত জয় পেয়েছেন জামায়াতের মুহা.রবিউল বাসার। ১৬৫টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট। তাঁর নিকট তম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা.শহিদুল আলম (ফুটবল প্রতীক) পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৮৯ ভোট। ৭৮ হাজার ৮৪৪ ভোটের ব্যবধানে রবিউল বাসার জয়ী হয়েছেন। এদিকে, বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৮১৯ ভোট।
এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৩২ হাজার ৯২৫টি এবং ‘না’ ভোট ১ লাখ ৪ হাজার ৮৮৩টি। মোট ৭০.৯৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) এ আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। ৯৬টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট। তাঁর নিকট তম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড.মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪৬৬ ভোট। ২১ হাজার ৪৪৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন গাজী নজরুল ইসলাম।
এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ৭৪১টি এবং ‘না’ ভোট ৬০ হাজার ৭৭৯টি। মোট ৬৭.৭৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতার আনুষ্ঠানিক ভাবে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম