বিকাশ ডিএসওর বিরুদ্ধে ক্যান্সার রোগীর দুই লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদন:-
কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় একজন ক্যান্সার আক্রান্ত বিকাশ এজেন্টের সঙ্গে চরম অমানবিক প্রতারণার ঘটনা ঘটেছে। ডিজিটাল লেনদেনে সামান্য ভুলের সুযোগ নিয়ে দুই লক্ষ টাকা আত্মসাৎ করে রেখেছেন বিকাশের এক ডিএসও (ডিস্ট্রিবিউশন সেলস অফিসার)। টাকা ফেরত চাইতে গেলে ভুক্তভোগীকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোঃ ইব্রাহিম খলিল (২৮), পিতা আবদুল গফুর পাটোয়ারী, মাতা মমতাজ বেগম, গ্রাম হাটপুকুরিয়া পাটোয়ারী বাড়ী, ডাকঘর ভারুল, থানা বরুড়া, জেলা কুমিল্লা। তিনি মধ্যম আশ্রাফপুর সদর গাজী জামে মসজিদের সামনে গাউজিয়া স্টোরে একটি বিকাশ এজেন্ট পয়েন্ট পরিচালনা করেন। তাঁর বিকাশ এজেন্ট নম্বর ০১৯০২৪৬৪০৩৭।
অভিযুক্ত মোঃ ইমরান হোসেন মাহমুদ (২৭), পিতা জামাল উদ্দিন, মাতা বকুল বেগম, গ্রাম বিজয়পুর কাজীবাড়ী, ডাকঘর নোয়াবাজার, থানা চৌদ্দগ্রাম, জেলা কুমিল্লা। বর্তমানে তিনি সংরাইশ, কুমিল্লা-৩৫০০, থানা কোতয়ালীতে বাস করেন। অভিযুক্তের মোবাইল নম্বর ০১৭২২০৭৬২৬৪। ইমরান বিকাশের ডিএসও হিসেবে কর্মরত এবং প্রতিদিন ইব্রাহিমের এজেন্ট অ্যাকাউন্টে নগদ অর্থের বিনিময়ে টাকা লোড দিতেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ২৩ মিনিটে ইব্রাহিম খলিল অভিযুক্ত ইমরানকে তাঁর বিকাশ এজেন্ট নম্বরে ৪ লক্ষ ৫০ হাজার টাকা লোড দিতে অনুরোধ করেন এবং তাঁকে নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা বুঝিয়ে দেন। ইমরান যথারীতি টাকা লোড করে চলে যান। এরপর ইব্রাহিম চিন্তা করেন, এত বড় অঙ্কের টাকা বিকাশে রাখা নিরাপদ নয়। তিনি ২ লক্ষ টাকা ব্যাংকে ট্রান্সফার করতে গিয়ে ভুলবশত ব্যাংক নম্বরের পরিবর্তে ইমরানের বিকাশ নম্বর ০১৮৯৪৪৪৯৬২৩-এ সেই অর্থ পাঠিয়ে ফেলেন। উক্ত নম্বরটি সেই একই নম্বর, যে নম্বর থেকে ইমরান একটু আগেই তাঁর এজেন্ট অ্যাকাউন্টে লোড দিয়েছিলেন।
ক্যান্সারে আক্রান্ত ইব্রাহিম খলিল তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারেননি। কয়েকদিন পর ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে ভুলটি ধরা পড়ে। তখন তিনি অভিযুক্ত ইমরানের সঙ্গে যোগাযোগ করলে ইমরান স্পষ্ট জানিয়ে দেন — টাকা ফেরত দেওয়া হবে না। উপরন্তু ভুক্তভোগীকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ শারীরিক অসুস্থতা ও মানসিক চাপ সত্ত্বেও পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে মোঃ ইব্রাহিম খলিল কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে এ ধরনের সুযোগসন্ধানী প্রতারণা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। একজন ক্যান্সার রোগীর সঙ্গে এমন নির্মম আচরণ সমাজের নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম